প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিলো ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের আবহে একবারের জন্যও মনে হয়নি এটি শুধুমাত্র প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। যুক্তরাষ্ট্রের মাটিতে এল ক্ল্যাসিকোর ধ্রুপদী লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচ হারলেও বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ভাগ্য সহায় না হওয়ায় গোল পেতে ব্যর্থ হয় লস ব্লাঙ্কোরা। আর তাই ম্যাচ হারলেও সন্তুষ্ট রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ফলাফল আমাদের কষ্ট দিচ্ছে তবে এটা গুরুত্বপূর্ণ নয়। অনেক ইতিবাচক দিকসহ এটি একটি ভালো ম্যাচ ছিল। তবে মনে হয়েছিল যে তাদের গোলবারে একটি প্রাচীর বসানো ছিল। এক ম্যাচে বারপোস্টে পাঁচটি শট লেগে ফিরে আসা শেষ কবে দেখেছি মনে নেই।'
তিনি আরও বলেন, 'আমরা ভালো ফুটবল খেলেছি। বেশ ভালো ম্যাচ ছিল এবং বল পায়ে ও বল ছাড়াও আমরা ভালো খেলেছি। সুযোগও পেয়েছি আমরা এবং ম্যাচজুড়ে সক্রিয় ছিলাম। সবচেয়ে বাজে যেটা ছিল, ওদের প্রথম গোলের ক্ষেত্রে আমরা সেট-পিসে ভালো পজিশনে ছিলাম না। পরে বেশি ওপরে উঠে যাওয়ায় আরও দুটি গোল হজম করেছি। হেরে যাওয়াটা কষ্টের। তবে আমি মনোযোগ দিচ্ছি ভালো দিকগুলোয়।'
