৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে সিঙ্গাপুরে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হলো। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ঐ নারীর নাম সারিদেউই জামানি (৪৫)। শুক্রবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে জামানিকে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি রয়েছে সিঙ্গাপুর তার মধ্যে অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন ও ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিচারকার্য চলার সময় জামানি জানিয়েছিলেন পাচার নয় বরং ব্যক্তিগত ব্যবহারের জন্য হেরোইন মজুত করেছিলেন তিনি।
জামানির মামলার বিষয়ে কথা বলতে সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরোর (সিএনবি) অর্থাৎ মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা হলেও সিএনবি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মাদক মামলায় সিঙ্গাপুরে তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে চলা দ্বিতীয় ব্যক্তি হলেন জামানি। এর আগে গত বুধবার মো. আজিজ বিন হুসাইন নামের আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
