মালিবাগে শ্রমিক লীগ নেতাকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮:২৪

রাজধানীর মালিবাগে মো. মানিক (৪৫) নামে এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩০ জুলাই) বিকালে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. মানিক যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার বাসিন্দা। তিনি পরিবহন শ্রমিক লীগের সাবেক নেতা।

গুলিবিদ্ধ মানিককে উদ্ধারকারী ইসমাইল হোসেন বাচ্চু বলেন, হেঁটে কাকরাইল থেকে মালিবাগ যাওয়ার পথে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি বাঁ পাঁজরে গুলিবিদ্ধ হন । পরে তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, গুলি বাঁ পাঁজরের পেছন দিয়ে বেরিয়ে যায়। আহত মানিক ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ইত্তেফাক/এবি