ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী নির্বাচনে আপনারা উন্নয়নকে ভোট দিন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিন।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসনে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে চরভদ্রাসন থানায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই তিনশ কোটি টাকা ব্যয়ে আপনাদের প্রধান সমস্যা নদীভাঙন রোধে স্থায়ী বাধঁ নির্মাণ করা সম্ভব হয়েছে। হাজার কোটি টাকা ব্যয়ে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ গিয়ে আলোকিত হয়েছে দুর্গম চরাঞ্চল। রাস্তা ,ঘাট,স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসাসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে ভালোবেসে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে আমার দেওয়া ওয়াদা ও ঈমানি দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, আপনাদের এলাকার সার্বিক উন্নয়নে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছি। আমি রাস্তা দিয়ে গেলে মা-চাচিরা ও ছোট বাচ্চারা বলে ঐ যে নিক্সন যায়। এই যে সম্মান-ভালোবাসা যা অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব না। তাই আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমার শরীরের রক্ত দিয়েও শোধ করতে পারব না। আগামী নির্বাচনে আপনারা আমার উন্নয়নকে ভোট দিবেন।
পুলিশের উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, পুলিশ আমাদের ভাই। আমাদের সুখদ-দুঃখে আমরা যেমন তাদের পাশে পাই তেমনি তাদের পাশেও আমরা আছি।
এ সময় উপজেলার অটো চালক ও মাইক্রোবাস চালকদের কষ্টের কথা ভেবে ও উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষে ব্যক্তিগত তহবিল থেকে থানায় একটি নতুন গাড়ি উপহার দেন তিনি। একইদিন চরভদ্রাসন স্পের্টিং ক্লাব এর ফলক উন্মোচন ও যুবলীগের অফিস উদ্বোধন করেন এমপি নিক্সন চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, ওসি ইনচার্জ মো. সেলিম রেজা,সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির,ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, মো. ইয়াকুব আলী, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম, সদরপুর থানার ওসি মো. মামুন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, এমপির একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ একেএম খায়রুল বাসার, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, থানা ছাত্রলীগ সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হৃদয়সহ আরও অনেকে।
