ডেঙ্গু আতঙ্কে মানুষ

সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০০:৩২

সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে ঘরে ঘরে ভাইরাসজাতীয় সর্দি-জ্বর ছড়িয়ে পড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে।  

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (৩০ জুলাই) ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লি চিকিৎসক শফিকুল ইসলাম জানান, গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই রোগীর সংখ্যা বাড়ছে। 

এখানে চিকিৎসা নিতে আসা হাসনা বেগম জানান, তিন/চার দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে, তাই ডাক্তারের কাছে ওষুধ নিতে এসেছেন। 

তিনি আরও জানান, তাদের আশপাশের অনেকেরই জ্বর দেখা দিয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাসনা বেগম বলেন, ‘আমার দুই দিন ধরে জ্বর ও ঠাণ্ডা লেগেছে, তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে । প্রতি দিনই এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। নিত্যদিনই সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ‘জ্বর মাথাব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।’ এছাড়া জ্বরের সঙ্গে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। আবহাওয়াজনিত কারণে এখন সর্দি-কাশি-জ্বর হচ্ছে।

ইত্তেফাক/এমএএম