যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটে মা ও তার মেয়েকে এক মদ্যপ পুরুষ যাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত মঙ্গলবার ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে। ফক্স বিজনেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গ্রিসের এথেন্সগামী ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে যৌন হেনস্তার এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এটা ছিল ৯ ঘণ্টার যাত্রাপথ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে করা এ মামলায় ডেলটা এয়ারলাইনসের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনা হয়েছে এবং ভুক্তভোগী ডেলটা এয়ারলাইনসের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগীরা ফ্লাইটটির পরিচারকদের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তারা এ আবেদন উপেক্ষা করেন। যৌন হেনস্তাকারী মাতাল ও উগ্র মনোভাবাপন্ন থাকা সত্ত্বেও তাকে ফ্লাইটের পরিচারকেরা মদ পরিবেশন করতে থাকেন।
মামলায় বলা হয়,এই মদ্যপ পুরুষ যাত্রী মা ও মেয়ের পাশের আসনে বসেছিলেন। মাতাল যাত্রী বাদীদের (মা-মেয়ে) প্রতি আক্রমণাত্মক আচরণ করেছিল। প্রায় ৯ ঘণ্টার ফ্লাইটে তিনি তাদের বাজেভাবে স্পর্শ করেছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ফ্লাইটটির কর্মীরা এই যৌন নিপীড়নের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ বা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাকে জানাননি; বরং তারা মাতাল ব্যক্তিকে নির্বিঘ্নে ফ্লাইট থেকে চলে যেতে দিয়েছিলেন।

