দৈনিক ইত্তেফাক পত্রিকার উজিরপুর উপজেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলামকে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে উজিরপুর মডেল থানায় সোমবার (৩১ জুলাই) সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত আব্দুল মজিদ জোমাদ্দার এর ছেলে সাংবাদিক মো. রফিকুল ইসলাম গংদের সঙ্গে একই গ্রামের আনিচ হাওলাদার, মোছা. ফাতিমা বেগম, শহিদ হাওলাদার, মঞ্জু বেগমের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৩০ জুলাই রোববার সন্ধ্যা ৭টায় বসতঘরের সামনে রফিকুল ইসলাম গংদের ভোগ দখলীর জমিতে অভিযুক্তরা জোরপূর্বক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করতে গেলে রফিকুল ইসলাম বাধা দিলে তাকে মারধর করতে উদ্যত হয় ও সীমানা প্রাচীর ভেঙে ফেলে। রান্নাঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং বিভিন্ন ভয়ভীতি ও পরবর্তীতে খুন জখম করার হুমকি দেয়।
উজিরপুর মডের থানার ওসি মো. কামরুল হাসান বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
