বিএনপির আগুনসন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট: নিক্সন চৌধুরী

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২১:২৪

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব-দুঃখী মানুষদের নিয়ে সোনার বাংলা গড়ার। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত তখন ষড়যন্ত্র ও আগুনসন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের এই আগুনসন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ।

সোমবার (৩১ জুলাই) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবলীগের জামায়াত-বিএনপির অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না। পদ পেতে মোটরসাইকেল বহর নিয়ে যতই শোডাউন দেন আর যত টাকাই খরচ করেন কোনো কাজ হবে না। প্রতারকদের স্থান যুবলীগে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পরীক্ষিত কর্মীরাই যুবলীগে স্থান পাবেন। এতে কোনো সন্দেহ নেই। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যাকে দায়িত্ব দিবেন, সেই পদ পাবেন। এর বাইরে কেউ পাবেন না।     

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের উদ্দেশে নিক্সন চৌধুরী আরও বলেন, আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনীতিবিদ ছিলেন। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মুস্তাফিজ, সদস্য অ্যাডভোকেট এম এ কামরুল হাসান খান আসলাম, মিয়া জামান সজিব, আরিফুল হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, খান মো. শাহ সুলতান রাহাতসহ আরও অনেকে।

 

 

ইত্তেফাক/এবি