সাভারে একটি দৈনিক পত্রিকার সম্পাদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত শনিবার (২৯ জুলাই) রাতে সাভারের বিরুলিয়া এলাকার মো. শাহীনুর ইসলাম নামের এক ব্যক্তি সাভার থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব ও আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি মো. ইমদাদুল হক। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৭ জুলাই দৈনিক ফুলকি পত্রিকার শেষের পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। যা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
মামলার বিষয়ে নাজমুস সাকিব বলেন, ২৬ জুলাই রাতে পত্রিকার পৃষ্ঠাসজ্জা অনুযায়ী শেষ পাতায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের সংবাদটি দেওয়া হয়। ওই সংবাদে ভুলবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়, যা পরদিন ২৭ জুলাই ছাপা হয়। ভুল সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করে ২৮ জুলাই সংশোধনী প্রকাশ করা হয়। কিন্তু তারপরও সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

