জেলার কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামে মাহফুজা খাতুন ওরফে আঞ্জু নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী অছির উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত।
সোমবার (৩১ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অছির উদ্দিন কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসলি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল জানান, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রীকে নিয়ে পাশের বামনগ্রামে ধর্মীয় সভা দেখাতে যান। পরের দিন ১৬ ডিসেম্বর মোলামগাড়ী ফসলি জমির মাঠের মধ্যে মাহফুজা খাতুন ওরফে আঞ্জুর লাশ দেখতে পান স্থানীয়রা। ঘটনায় নিহতের চাচা আ. হামিদ সরদার বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানিতে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় দেয় আদালত।
