খাগড়াছড়ির রামগড়ে লামকুপাড়া গ্রামে থেকে সোমবার (৩১ জুলাই) এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জান্নাতুল ফেরদৌস (১৯) বাহরাইন প্রবাসী ও লামকুপাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়। তবে নিহতের স্বজনদের দাবি এ মৃত্যু ‘সন্দেহজনক’।
নিহতের শ্বশুরবাড়ির লোকজন জানায়, সোমবার প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না বেধে গলায় ফাঁস দেয় গৃহবধূ জান্নাতুল ফেরদৌস। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত গৃহবধূর চাচা আবু আহম্মদ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার ভাতিজিকে কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। কিন্তু মান-সন্মানের ভয়ে কাউকে কিছু বলতো না। তিনি সঠিক তদন্তের মাধ্যমে ফেরদৌসির মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানান।
রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
নিহতের চাচার অভিযোগের বিষয়ে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
