আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পরই সকলে ক্যালেন্ডারে দাগ কেটে রেখেছিল ১৫ অক্টোবরের তারিখটি। কেননা এদিন অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ, বহুল প্রার্থিত হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বর্তমানে এই দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ ছাড়া এখন আর এই দুই দলের লড়াই দেখা যায় না। এর মধ্যেই হুট করে শোনা যায় বিশ্বকাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিরও দিনক্ষণে পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে তা হয়েও গেল। জানা গেছে নতুন তারিখও।
বিশ্বকাপ সূচির নতুন পরিবর্তন অনুসারে আহমেদাবাদের নরেন্দ্র মো্দি স্টেডিয়ামে ১৫ অক্টোবর হতে যাওয়া ভারত-পাকিস্তানের ম্যাচটি এক দিন এগিয়ে এসে ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এদিকে এ ম্যাচের দিন পরিবর্তনের কারণ হিসেবে জানা গেছে, ভারত-পাকিস্তানের ম্যাচের দিন (১৫ অক্টোবর) নবরাত্রি উৎসব পড়েছে। গুজরাট তথা আহমেদাবাদে (যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে) খুবই ধুমধামের সঙ্গে এই উৎসবটি পালন করা হয়। মানুষ রাস্তায় বেরিয়ে আসে। আতশবাজি পোড়ায়। নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে। এমন উৎসবের দিনে ভারত-পাকিস্তানের ম্যাচটি আয়োজন করা হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণেই নিরাপত্তা বিভাগ ও আহমেদাবাদের পুলিশের পক্ষ থেকে সূচি পরিবর্তন করতে বিসিসিআইকে জানানো হয়। পরে তারা আইসিসির কাছে খেলার তারিখ পরিবর্তনের আবেদন জানায়।
