কানাডায় খেলা হলো না আফিফের

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৯:৫৬

ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও মিলেছিল। তারপরও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলা হলো না আফিফ হোসেনের। ভিসা জটিলতায় কানাডার বিমানে ওঠা হয়নি বাঁহাতি ব্যাটারের। ফলে মিরপুরে এশিয়া কাপের ক্যাম্পেই যোগ দিতে হয়েছে আফিফকে।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ চলছে। এই প্রতিযোগিতার দল সারে জাগুয়ার্সের জার্সিতে খেলার কথা ছিল আফিফের। ওই দলের হয়েই খেলছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দেশের জার্সির পর দূর দেশের লিগে গিয়েও তাদের সতীর্থ হওয়ার সুযোগ ছিল। কিন্তু ভিসা জটিলতা সেটি আর হতে দিলো কই! আফিফের কানাডায় না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়েছিলেন আফিফ। গত ৩০ জুলাই কানাডায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতায় সেটি হয়নি।

কানাডার এই প্রতিযোগিতায় এখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি লিটন। তার সঙ্গে সাকিব আল হাসানও মাতিয়েছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। মন্ট্রিল টাইগার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন সাকিব। তবে কানাডা ছেড়ে এখন এই তারকা অলরাউন্ডার মাঠ মাতাচ্ছেন শ্রীলঙ্কায়। দ্বীপ দেশটির লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হয়েছে সাকিবের।

ইত্তেফাক/কেআর/