নওগাঁয় সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০:৪৮

নওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে সাদিয়া খাতুন (৯), আসমা আক্তার সুইটি (১৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মোবাস্বিরা খাতুন (১১) নামে আরও এক শিশু চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পুস্তইল সাহাপুর রিয়াজুল জান্নাহ মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

সাদিয়া খাতুন উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের নাজিম বাবুর মেয়ে এবং আসমা আক্তার সুইটি গোমাস্তাপুর উপজেলার পূর্ব ব্রাম্মন গ্রামের আবু সায়েমের মেয়ে।

মাদ্রাসার শিক্ষক জুলাইখা বলেন, সোমবার রাতে শিক্ষার্থীদের চিৎকারে ঘুম থেকে জেগে উঠি, এক শিক্ষার্থী বলে সাপ কামড় দিয়েছে এমন কথা শুনে সকল শিক্ষার্থীকে ডাক দিই। কিছুক্ষণ পর আরও দু’টি শিক্ষার্থী বলে আমাদেরও সাপ কামড় দিয়েছে। একপর্যায়ে মাদ্রাসা কমিটির মাধ্যমে অভিভাবকদের জানানো হয়।

আহত মোবাস্বিরা খাতুনের বাবা মোকলেছুর রহমান বলেন, মাদ্রাসায় জিনের আছর রয়েছে। বাচ্চাদের বিভিন্ন সময় স্বপ্নে দেখাতো এই মাদ্রাসা ছেড়ে চলে যেতে। তা না হলে তাদের মেরে ফেলা হবে। আবার অনেক সময় রাতের বেলা মাদ্রাসার বাইরে ডাকে কিন্তু বের হয়ে আর কাউকে দেখা পাওয়া যায় না। গত বছর মাথাব্যথা নিয়ে দুই শিক্ষার্থী মারা যায়। মেয়ে সুস্থ হলে আর ওই মাদ্রাসায় পাঠাবো না।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, তিনজন শিক্ষার্থীকে সাপে কামড়েছে। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

 

ইত্তেফাক/এবি