আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অনেক তারকা ক্রিকেটারই হয়তো নিজের বিদায়টা রাঙিয়ে বিজয়ীর বেশে ক্যারিয়ারের ইতি টেনেছেন। তবে স্টুয়ার্ট ব্রড যে রাজকীয়ভাবে টেস্ট তথা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন, এমন রাজসিক বিদায় ইতিহাসে আর কারো ভাগ্যে জুটেছে বলে মনে হয় না।
ওভালে নিজের বিদায়ী টেস্টে ব্যাট হাতে নিজে মোকাবিলা করা শেষ বলটিতে ছক্কা মেরেছেন ব্রড, বল হাতেও নিজের শেষ ডেলিভারিটিতে নিয়েছেন উইকেট, সেই উইকেটটাও আবার ম্যাচজয়ী উইকেট। ব্রডের নেওয়া সেই উইকেটের মধ্য দিয়েই ওভালের শেষ টেস্টে ৪৯ রানের জয় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের, যে জয়ের মধ্য দিয়ে ব্রডের ইংল্যান্ড পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজটা ড্র করেছে ২-২ ব্যবধানে। ঘটনাগুলো চোখের সামনে ঘটেছে বলেই হয়তো বিশেষ আশ্চর্যের মনে হচ্ছে না।
কিন্তু চোখ বন্ধ করে কল্পচোখে ঘটনাগুলো একবার কল্পনা করুন তো। টেস্ট ক্যারিয়ারে নিজে মোকাবিলা করা শেষ বলটিতে ছক্কা মারা, নিজের করা শেষ ডেলিভারিতে দলের জয় নিশ্চিত করা উইকেট-এসব তো রূপকথার গল্পের মতোই শোনায়! সত্যিকার অর্থেই ব্রডের টেস্ট ক্যারিয়ারের শেষটা রূপকথার মতোই হলো। স্রেফ সৃষ্টিকর্তাই হয়তো আপন মহিমায় সব বিস্ময়কর ঘটনা ব্রডের বিদায়ী মুহূর্তের সঙ্গে মিলিয়ে দিয়েছেন!
ওভাল টেস্টের তৃতীয় দিন শেষ আচমকাই অবসরের ঘোষণা দেন ব্রড। বিদায়ী ঘোষণাকালে ২ রানে অপরাজিত ছিলেন তিনি। ঐ ২ রান নিয়ে পরদিন ব্যাটিংয়ে নেমে নিজে মোকাবিলা করা শেষ বলটিতে ছক্কা মারেন ব্রড। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের দেওয়া বাউন্সারকে পুল করে গ্যালারিতে আঁচড়ে ফেলেন ব্রড। এরপর আর বল পাননি তিনি। অপর প্রান্ত দিয়ে টড মার্ফির বলে জেমস অ্যান্ডারসন আউট হওয়ায় যবনিকা ঘটে ইংল্যান্ডের ইনিংসের। ফলে ৮ রানে অপরাজিত থেকেই টেস্ট ক্যারিয়ারে নিজের ব্যাটিংয়ের ইতি টানতে হয় ব্রডকে।
পরে বল হাতেও বিশেষ নাটকীয়তা দেখিয়েছেন। আসলে ওভাল টেস্টের শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ ২টি উইকেটই নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন ব্রড। টড মার্ফির পর অ্যালেক্স ক্যারিকেও ফিরিয়ে টেস্টের যবনিকা টানেন তিনি। আগের টেস্টেই ৪৬ বছরের টেস্ট ইতিহাসের পঞ্চম বোলার এবং দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ টেস্ট উইকেট ক্লাবে প্রবেশ করেন ব্রড। দুর্দান্ত ছন্দে থাকা ব্রড চাইলে আরো কিছুদিন টেস্ট ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন। সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজেই যেমন ব্রড নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট।
কিন্তু ৩৭ বছর বয়সী ব্রড জানিয়েছেন, ক্যারিয়ারের সেরা ছন্দে থেকে বিদায় নেওয়ার স্বপ্ন ছিল তার। ভাগ্যও তার শেষটা রাঙিয়ে দিয়েছে অবিশ্বাস্যতার ছোঁয়ায়। টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ১৬৭ টেস্টে ৬০৪ উইকেট নিয়ে। ইতিহাসের মাত্র দ্বিতীয় পেসার হিসেবে ৬০০-এর বেশি টেস্ট উইকেট। টেস্টে পেসার হিসেবে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু তারই সতীর্থ জেমস অ্যান্ডারসন-১৮৩ টেস্টে ৬৯০টি। এই অ্যান্ডারসনের সঙ্গেই জুটি বেঁধে রেকর্ড ১ হাজার ৩৯ উইকেট নিয়েছেন ব্রড। চার বছরের বড় সেই অ্যান্ডারসনকে মাঠে রেখেই বিদায় নিলেন ব্রড। চ্যাম্পিয়ন ব্রড বিদায়ী ক্যারিশমাটা দেখিয়েছেন এখানেও।
