লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) গল টাইটান্সের হয়ে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে।
এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব।
সাকিবকে পেয়ে মারমুখী হয়ে উঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই একশ রান পায় গল। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দু’টি ছক্কা মারেন সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার আগে ২ ছক্কায় ২১ বলে ৩০ রান করেন সাকিব।
২৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট। তার ৩৯ বলের ইনিংসে ৫টি করে চার-ছক্কা ছিলো। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় গল।
জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব।
পাকিস্তানের আসিফ আলিকে ৩ রানে শিকার করেন তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানী আমির জামালকে ৬ রানে বিদায় দেন তিনি।
শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আসেন বান্দারা। ৩ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ সেরা হন সেইফার্ট।
