এক দিন এগিয়ে আনা হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ভারত–পাকিস্তান ম্যাচের কারণে আরও কয়েকটি ম্যাচের সূচিতে আসছে পরিবর্তন। ১৪ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ–নিউজিল্যান্ড এবং দিল্লিতে আফগানিস্তান–ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে একদিনে তিন ম্যাচ এড়াতে সরিয়ে নেওয়া হচ্ছে আফগানিস্তান–ইংল্যান্ডের ম্যাচটি। পরিবর্তিত এই সূচি এ সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল জুনের শেষ সপ্তাহে। সূচি প্রকাশের পর ১৫ অক্টোবরের ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে ব্যাপক সাড়া পড়ে। তবে আহমেদাবাদের পুলিশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানায়, ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসব শুরু হওয়ায় একই সময় ক্রিকেট ম্যাচে নিরাপত্তা জোরদার করা কঠিন হবে। এ জন্য ভারত–পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ জানায় তারা।
গত সপ্তাহে বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চিত করেন, বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আসছে। যদিও নবরাত্রি বা নিরাপত্তা কোনো কারণ নয় জানিয়ে তিনি দাবি করেন, অংশগ্রহণকারী কয়েকটি দেশ সূচি বদলের লিখিত অনুরোধ জানিয়েছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ভারত–পাকিস্তানসহ কয়েকটি ম্যাচের সূচিতে অদলবদল এনে বিসিসিআই আইসিসির কাছে পাঠিয়েছে। পরিবর্তিত সূচি আইসিসি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে যাওয়ার পর তাতে সম্মতিও পাওয়া গেছে। শুধু ভারত ম্যাচই নয়, পাকিস্তানের অন্য একটি ম্যাচের সূচিতেও বদল আসছে।
