ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেবেন। এছাড়াও চেম্বার গ্রুপ থেকে তিনজন ও অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজনসহ মোট ছয়জন সহসভাপতির নামও ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ীদের একাংশের ভোটে চমক দেখানো সম্মিলিত ব্যবসায়ী পরিষদের কেউ সহসভাপতির পদ পাননি।
আগামী মেয়াদে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি মো. আমীন হেলালী। তিনি এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদেও সহসভাপতি ছিলেন।
চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খায়রুল হুদা, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের যশোদা জীবন দেবনাথ।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি শমী কায়সার, মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি রাশেদুল হোসেন চৌধুরী ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি মো. মুনির হোসেন।
নির্বাচিত সহসভাপতিদের মধ্যে শমী কায়সার ও রাশেদুল হোসেন চৌধুরী গত সোমবারের ভোটে পরিচালক পদে বিজয়ী হয়েছিলেন। অন্যরা মনোনীত কিংবা সমঝোতার ভিত্তিতে পরিচালক পদ পেয়েছেন।
ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয় সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ সময় তার পাশে নির্বাচন বোর্ডের অন্য সদস্যদের পাশাপাশি এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।

