লোহার তার দিয়ে বাঁধা হেলে পড়া ব্রিজের পিলার, আতঙ্কে স্থানীয়রা

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮:৪৫

মাদারীপুর ডাসারের নবগ্রামে একটি ব্রিজ হেলে পড়ায় পিলারে লোহার তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।  
 
সরেজমিন দেখা যায়, ব্রিজটি হেলে পড়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ব্রিজের দুই পাশে স্কুল-কলেজ থাকায় ওই ব্রিজ দিয়ে হাজার শিক্ষার্থী ও পথচারী নিয়মিত চলাচল করতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ৩০ বছর আগে নবগ্রাম শশিকর খালের ওপর ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘদিন ব্রিজটি সংস্কার না হওয়ায় কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন শশিকর বালিকা বিদ্যালয়, শশিকর মাধ্যমিক বিদ্যালয়, শশিকর মহাবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে আসছে।

স্থানীয় বাসিন্দা ভুতেব হালদার বলেন, ‘আমাদের এই ব্রিজ দিয়ে যাতায়াতে অনেক ভয় করে। সরকারের কাছে আমাদের আবেদন ব্রিজটি দ্রুত মেরামত করার জন্য।’ 

পান্নু বাড়ৈ নামে আরও একজন বলেন, ‘এই সেতু দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পায়। এ কারণে তারা এখন স্কুলেও যেতে চাচ্ছে না।’ 

 শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল কুমার হালদার বলেন, ‘সেতু ভাঙা থাকায় প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীকে অনেক দূর ঘুরে বিদ্যালয়ে আসতে হচ্ছে। এছাড়া এ শিক্ষা প্রতিষ্ঠানটি জেএসসি ও এসএসসি পরীক্ষাকেন্দ্র হওয়ায় চলাচলে আরো দুর্ভোগের সৃষ্টি হয়েছে।’

নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘ব্রিজটি পুনর্নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জানিয়েছি। আশা করছি দ্রুততার সঙ্গে সমাধান হবে।’

এ বিষয়ে কালকিনি এলজিইডির উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এসজেড/কেএস