১০ দিনে ১৪ ট্রলারসহ ৫১ জেলে আটক

দুবলার চরে অবৈধভাবে মাছ ধরা থামছে না

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:৩০

পূর্ব সুন্দরবনের দুবলার চরে অবৈধভাবে মাছধরা থামছেই না। বৃহস্পতিবার সকালে আবারও আলোরকোল থেকে সাতটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে বনরক্ষীরা। এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে দুবলার বিভিন্ন স্থান থেকে ১৪টি ট্রলার ও মাছধরা জালসহ ৫১ জেলেকে বনরক্ষীরা  আটক করেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসানের নেতৃত্বে বনরক্ষীরা দুবলার আলোরকোলে চারটি, ভেদাখালী খালে দুইটি ও মানিকখালী খাল থেকে একটি ট্রলার ও  মাছধরা জালসহ ১৪ জেলেকে  আটক করে। এসময় ট্রলারের অন্য জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। এসব জেলেকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। 

এর আগে ৩১ আগস্ট রাতে জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ির ফরেস্টার নাসির উদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার মরণের চর খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ আট জেলেকে আটক করে। আটক জেলেরা হচ্ছে, আলামিন, শাহিন, সন্তোষ, আলম, রাব্বি, শাহাদাত্, খাইরুল ও আবুল চৌকিদার। এদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায়। আটক  জেলেদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়। ২৪ জুলাই দুবলার মাঝেরকেল্লায় একটি ট্রলারসহ চার জেলে এবং ২৩ জুলাই শ্যালার চরে পাঁচটি ট্রলারসহ ২৫ জেলে বনরক্ষীদের হাতে ধরা পড়ে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে দুবলার চরে অবৈধভাবে মাছ ধরায় আটক সাতটি ট্রলারকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রলারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি