আমাদের আশা ভরসার জায়গা শেখ হাসিনা: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৬:০৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আগস্ট মাস বাঙ্গালী জাতির ইতিহাসের গৌরবময় অধ্যায়ের সবকিছু ধ্বংস করে দেয়ার মাস। ১৯৭৫ সালের এই মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করেছিল ঘাতকেরা। ২০০৪ সালের এই মাসেই বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় গ্রেনেড নিক্ষেপ করেছিল ষড়যন্ত্রকারীরা। এছাড়াও ২০০৪ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় এক সাথে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

শুক্রবার (৪ আগস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, আগস্ট মাস এলেই আমরা আতংকে থাকি। কারণ ষড়যন্ত্রকারীরা আগস্ট মাস এলেই সব বড় বড় অপরাধ সংগঠন করার চেষ্টা করে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই উন্নত ও সমৃদ্ধ আধুনিক দেশে পরিণত হতো। শুধু একজন শেখ মুজিবকে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য ছিলনা। তারা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল। সৌভাগ্য যে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বিদেশে ছিলেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দেশে ফিরে দীর্ঘ ২১ বছর আন্দোলন সংগ্রাম করে আওয়ামীলীগকে আবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে জয়বাংলা শ্লোগানকে প্রতিষ্ঠিত করেছেন, রাজাকারদের বিচার করছেন। যারা যুদ্ধাপরাধী তাদের মৃত্যুদণ্ড দেয়ার বিচারের প্রক্রিয়া করছেন। মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মুক্তিযোদ্ধাদের স্বমহিমায় আবার প্রতিষ্ঠিত করেছেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারী, শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, সুশীল কুমার মন্ডল, রোকনুজ্জামান। এর আগে মন্ত্রী শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ইত্তেফাক/এএইচপি