মুন্সিগঞ্জে ডুবে যাওয়া পিকনিকের ট্রলার উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৪:০২

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে উদ্ধার হওয়া ট্রলারটিতে নিখোঁজ কারও লাশ পায়নি উদ্ধারকারীরা।

রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান একটি ক্রেনের মাধ্যমে ট্রলারটি নদীর তলদেশ থেকে তোলা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের উপপরিচালক ওবায়দুল করিম খান বলেন, বৃষ্টি ও স্রোতের কারণে ট্রলারটি উদ্ধার করতে বেগ পেতে হচ্ছিল। স্থানীয় লোকজনের সহযোগিতায় নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএর সদস্যরা ট্রলারটির উদ্ধার কাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে কারও লাশ পাওয়া যায়নি।

শনিবার (৫ আগস্ট) রাতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর পরই ৩৩ জনকে জীবিত ও  আট জনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় পাঁচজন একনও নিখোঁজ রয়েছেন।  

ইত্তেফাক/আরএজে