টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণযোগ্য এক টন চোরাই পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার নরকোনা এ ঘটনা ঘটে। কয়েকটি রিকশাভ্যানে বইগুলো পাচারের পথে জব্দ করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রামবাসী হোসেন মোবারক জানান, ইব্রাহীম হোসেন মাঝেমধ্যে মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিনামূল্যের পাঠ্য বই কেজি দরে কিনে এনে বিক্রি করছিলেন। গত মঙ্গলবার তিনি বেশ কিছু পাঠ্যবই ওই গুদাম থেকে কিনে আনেন। তারপর বাড়িতে বাঁধাই করে সেগুলো বুধবার পাচারের পথে সেগুলো জব্দ করা হয়। পরে পুলিশকে খবের দেওয়া হলে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।
ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেন দাবি করেন, তিনি মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে এসব বই কেজি ধরে কিনে এনেছেন। কাজেই তার কোনো দোষ নেই।
বই বিতরণের দায়িত্বে থাকা অ্যাকাডেমিক অফিসার মো. মহিউদ্দীন জানান, তার অগোচরে নাইটগার্ড এ কুকর্ম করেছে। পরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন ঘটনাস্থলে যান এবং পাঠ্যবইগুলো জব্দ করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ভাঙারি দোকানদার ইব্রাহীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনামূল্যের এসব পাঠ্যবই কীভাবে এবং কোথা থেকে এলো তা তদন্ত করে দেখা হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান বাদী হয়ে এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

