রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, যখন যেখানে থাকবে

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:৫২

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্ব ভ্রমণে বের হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের আসছে এই ট্রফি। রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে ট্রফিটি পৌঁছানোর কথা রয়েছে ঢাকায়।

বিশ্বকাপের ট্রফি বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে আগত অতিথিদের বরণ করে নিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল। ঢাকায় তিন দিন অবস্থান করবে বিশ্বকাপের ট্রফিটি।

ট্রফি প্রদর্শনের জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) পদ্মা বহুমুখী সেতুতে হবে অফিসিয়াল ফটোশুট। সেখান থেকে ফিরে রাজধানীর একটি হোটেলে রাখা হবে ট্রফিটি।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে। 

তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা। 

এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।   

 

  

ইত্তেফাক/জেডএইচ