‘যাদের ব্যর্থতায় ডেঙ্গু ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে’

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:৫৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। যাদের ব্যর্থতায় সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সারাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

রোববার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।  

বিবৃতিতে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবেই ৫ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯৬৮ জন। আর মারা গেছেন ইতিহাসের সব চেয়ে বেশি ৩০৩ জন। এরমধ্যে ২৪১ জনই রাজধানীর বাসিন্দা। সাধারণ মানুষ মনে করছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি। সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ।

শনিবার (৫ আগস্ট)  স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (৫ আগস্ট) সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩ জনে। পাশাপাশি চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪ হাজার ৫২৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৪৪৫ জন।

ইত্তেফাক/এনএ/এআই