দুই যুগ পর ইউপি চেয়ারম্যান হত্যায় ২ জনের যাবজ্জীবন

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাকাণ্ডের দীর্ঘ ২২ বছর পর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলার রায় প্রদান করেছে আদালত। এতে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও পনের জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

রোববার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এই রায় প্রদান করেন।

আদালত একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। 

জানা যায়, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট জাসমীন আহমেদ বলেন, পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ, দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আবুল কালাম এবং নূর মোহাম্মদ নামে দুই আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মামলায় চার্জশীটভুক্ত পনের জন আসামি নির্দোষ প্রমাণ হওয়ায় আদালত তাদের সবাইকে বেকসুর খালাস দেন। 

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আবুল কালাম পলাতক রয়েছেন। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও