শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২১:১৬

মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। রোববার (৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আরিফ খান বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলাধীন গোবরদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে।

ছবি: ইত্তেফাক

জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পাচ্চর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আরিফ খান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাত আরেকজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা ৪টি ব্যাগ তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো ব্যাগের ভেতর বাদামি রংয়ের স্কচটেপ দিয়ে মোট ৮টি প্যাকেটে মোড়ানো ছিল। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লক্ষ আশি হাজার টাকা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে আরিফ খান নামে একজনকে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ইত্তেফাক/পিও