তা হ মি না মি লি
আগামী জুলাইয়ে মুক্তি পাবে ‘ক্রল’। হলিউডি ডিজাস্টার-হরর ধাঁচের সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের কৌতূহলী করে তুলেছে। ভয়াবহ এক ঘূর্ণিঝড় এগিয়ে আসছে ফ্লোরিডার দিকে। এর আগেই হ্যালি কেলার নামের এক তরুণী বুঝতে পারে, ঘূর্ণিঝড়ের চেয়েও ভয়ংকর এক বিপদ লুকিয়ে আছে ফ্লোরিডায়। শুরু হয় নতুন আতঙ্ক। এমন টানটান উত্তেজনায় পূর্ণ হলিউডি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘হ্যালি কেলার’-এর ভূমিকায় অভিনয় করেছেন কায়া স্কোডেলারিও। বেলগ্রেড, সার্বিয়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। ২৭ বছর বয়সী ইংরেজ এ অভিনেত্রী কায়া স্কোডেলারিও ‘ক্রল’-এ দুর্দান্ত অভিনয় করেছেন। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আক্রান্ত শহরে ভয়ংকর এক কুমিরের আনাগোনা বিপদগ্রস্ত মানুষকে আরো বেশি আতংকগ্রস্ত করে তোলে। সেই বিপদ মোকাবিলায় এক তরুণীর দুঃসাহসী কর্মকাণ্ড নিয়ে আবর্তিত হয়েছে ‘ক্রল’-এর গল্প। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যালি কেলার চরিত্রটি। আর সেই চরিত্রটি চমত্কার অভিনয়নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন কায়া স্কোডেলারিও। তাঁকে সবাই আগে থেকে চেনে ইফোর চ্যানেলের টিন ড্রামা সিরিজ ‘স্কিনস’-এ টফি ‘স্টোনেম’ চরিত্রটি রূপদানকারী অভিনেত্রী হিসেবে। ড্রামা সিরিজটি ব্যাপক সাড়া জাগিয়েছিল। এছাড়াও আলোড়ন সৃষ্টিকারী ফিল্ম সিরিজ ‘মেইজ রানার’-এ ‘টেরেসা’ চরিত্রে অভিনয়ের সুবাদে দুনিয়াজুড়ে তার আলাদা পরিচিতি ছড়িয়ে পড়েছে। হলিউডের আরো এক আলোচিত অ্যাডভেঞ্চার সিনেমা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর সিক্যুয়াল ‘ডেডম্যান টেল নো টেলস’-এ ‘ক্যারিনা স্মিথ’ চরিত্রে তাঁকে দেখা গেছে দু বছর আগে। কায়া স্কোডেলারিও অভিনীত আরো বেশ কিছু উলেল্লখযোগ্য সিনেমা হলো ‘উথারিং হেইটস’, ‘দ্য ট্রুথ অ্যাবাউট ইম্যানুয়েল’, ‘এক্সট্রিমলি উইকেড’, ‘শকিংলি ইভিল অ্যান্ড ভিলে’। প্রতিটি সিনেমায় দর্শক তাঁকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন। ওয়েস্ট সাসেক্সে স্কোডেলারিওর জন্ম। তার মা একজন ব্রাজিলিয়ান। সাও পাওলো থেকে তিনি ইংল্যান্ড এসেছিলেন ১৯৯০ সালে। তবে তাঁর বাবা একজন খাঁটি ব্রিটিশ। যখন কায়া একদম শিশু বয়সের, তখন তাঁর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০০৭ সালে মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ের পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই কায়া ‘স্কিনস’-এর প্রথম সিরিজে অভিনয়ের সুযোগ পান। অডিশন দেওয়ার সময় নিজের অল্প বয়সের কারণে অনেকটাই হতাশ ছিলেন তিনি। তবে তখন একজন প্রযোজক হতাশ না হয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। শেষ পর্যন্ত কায়া ‘স্কিনস’ সিরিজে অভিনয়ের জন্য কাস্ট হন। ‘স্কিনস’ সিরিজটি তাঁকে ক্রমেই তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছোট পর্দায় অভিনয় করতে করতে বড় পর্দায়ও অভিনয়ের সুযোগ এসে যায়। ম্যালা সিনেমায় অভিনয় করেছেন। তবে ‘মেজ রানার’ সিরিজের তিনটি সিনেমা তাঁকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কায়া স্কোডেলারিও অভিনীত নতুন আরেকটি সিনেমা ‘দ্য কিংস ডটার’-এর কাজ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি এ সিনেমাটিও দর্শকদের সামনে চলে আসবে বলে জানা গেছে।
