রে জা উ ল ক রি ম খো ক ন
২০১৫ সালে ঐশ্বরিয়া রাই অভিনীত ‘জাজবা’ সিনেমায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার এক তরুণীর ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়া ব্যানার্জ্জিকে। একই বছর মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত আরেকটি সিনেমা ‘২০১৬ দ্য এন্ড’। এরপর তাঁকে ‘দিল জো না কেহ সাকা’, ‘সোশ্যাল’, ‘রেইন’, ‘থ্রি দেব’-এ দেখা গেছে। ওয়েব সিরিজ ‘বেকাবু’তে ‘কাশতি’ চরিত্রে রূপদানের সুবাদে এ বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রিয়া। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন বলিউডি সিনেমা ‘হামে তুমসে পেয়ার কিতনা’। রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া ব্যানার্জ্জি। এখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রণবীর বোহরা। ২৯ বছর বয়সী প্রিয়া তামিল-তেলেগু সিনেমায় কাজ করছেন ২০১৩ সাল থেকে। কানাডার ক্যালগ্যারিতে জন্ম ও বেড়ে ওঠা তাঁর। মাঝখানে বেশ কিছুদিন বাবার চাকরিসূত্রে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কাটিয়েছেন। প্রিয়ার বাপ-দাদার আদি নিবাস কলকাতায়। তাঁর বাবা একজন ইঞ্জিনিয়ার, কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। ইন্টারন্যাশনাল মার্কেটিং ও কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়েছেন প্রিয়া। ২০১১ সালে মিস ওয়ার্ল্ড কানাডায় অংশ নিয়ে মিস ফটোজেনিক নির্বাচিত হয়েছিলেন। সেখানে নিয়মিত টিভি শোতে উপস্থাপনা ও মডেলিং করেছেন। কত্থক নাচে তালিম নিয়েছেন, রবীন্দ্রসংগীতের চর্চা করেছেন অনেকদিন। কানাডায় বেশ কিছু শো করেছেন প্রিয়া ব্যানার্জ্জি। ২০১২ সালে মুম্বাই এসে অনুপম খেরের অ্যাকটর প্রিপেরাস একাডেমিতে ভর্তি হয়ে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। বরুণ ধাওয়ান ও পরিণীতি চোপড়ার সঙ্গে উই চ্যাটের বিজ্ঞাপনে অংশ নেন। এরপর তেলেগু সিনেমা ‘কিস’-এ অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরই ধারাবাহিকতায় অভিনয় করেছেন ‘জরু’, ‘আসুরা’, ‘চিত্রাম পেসুতাদি টু’ নামের তামিল-তেলেগু সিনেমাগুলোয়। বলিউডে নিজেকে অভিনেত্রী হিসেবে ভালোভাবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে কানাডা থেকে মুম্বাইয়ে পা রেখেছিলেন প্রিয়া ব্যানার্জ্জি। সুন্দর চেহারা থেকে ভালো অভিনয়ের ক্ষমতা—সবই রয়েছে তাঁর। তারপরও হিন্দি সিনেমার অঙ্গনে নিজেকে উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যেতে পারেননি তিনি। এ নিয়ে অবশ্য প্রিয়ার মধ্যে তেমন আক্ষেপ নেই। তবে ‘বেকাবু’তে অভিনয় করে এবার দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। ‘আজকাল অনেকেই আমার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। তাঁরা আমাকে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। যা আমাকে অনুপ্রাণিত করছে। এ কারণে আমার অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘হাম তুমসে পেয়ার কিতনা’ নিয়ে আমি আশাবাদী। আমার দৃঢ় বিশ্বাস, দর্শক এ সিনেমায় আমার কাজের ভালো মূল্যায়ন করবেন,’ প্রিয়া বলেন। বলিউডে তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজেকে ধরে রাখা এবং সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেছেন তিনি, ‘বলিউড নিয়ে আগে আমার মনে যে ধারণা ছিল, তা পরবর্তী সময়ে কাজ করতে গিয়ে দূর হয়েছে। বলিউড কোনো অন্ধকার জগত্ নয়। এখানে যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যেতে হয়, জোর করে প্রভাব খাটিয়ে কিছু পাওয়া যায় না। যা এখানে কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করছি।’
