আন্তর্জাতিক ক্রিকেটে টুর্নামেন্টসেরা খেলেয়াড়কে সাধারণত অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া স্থানীয় লিগের খেলায় ক্রেস্ট ও বিভিন্ন পণ্য সামগ্রী পুরস্কার হিসেবে দিতে দেখা যায়। তবে সদ্য শেষ হওয়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো আধা একর জমি!
অদ্ভুত এই পুরস্কার পেয়েছেন শেরফান রাদারফোর্ড। যে জন্য এই ক্যারিবিয়ান ব্যাটার পুরস্কার পেয়েছেন, সেই টুর্নামেন্টি হয়েছে কানাডায়। অথচ পুরস্কারের জমি পেয়েছেন যুক্তরাষ্ট্রে। চমকপ্রদই বটে!
রোববার (৬ আগস্ট) গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের ফাইনালে সারে জাগুয়ার্সকে হারিয়ে শিরোপা জিতেছে মন্ট্রিয়েল টাইগার্স। ফাইনালে ৫ উইকেটের জয় পায় মন্ট্রিয়েল। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাদারফোর্ড।
টুর্নামেন্ট সেরার স্মারক ট্রফির পাশাপাশি ডামি চেক নিয়েছেন রাদারফোর্ড। তবে ওই চেকের লেখাটা ছিল একেবারে আলাদা। সাধারণত ট্রফির সঙ্গে অর্থ পুরস্কারই দেওয়া হয়, তবে টাকার কোনো অঙ্ক ছিল না ওই চেকে। লেখা ছিল- যুক্তরাষ্ট্রে আধা একর জমি! অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে যুক্তরাষ্ট্রে জমি পেয়েছেন রাদারফোর্ড!
