প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেঁড়ি বাঁধের ২টি স্থানে ও পরশুরামে ১টি স্থান বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ফুলগাজী বাজারে হাটু পরিমাণ পানি উঠেছে।
ফুলগাজী উপজেলা কৃষি ও মৎস্য বিভাগ সূত্র জানায়, ফুলগাজী উপজেলার তিনশত হেক্টর রোপা আমন বন্যার পানিতে ডুবে গেছে। ৯৫টি পুকুরের ৩০ মেট্রিক টন মাছ ও দশ লক্ষ পোনা ভেসে গেছে। প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিবছর এই বর্ষার মৌসুম এলে দুশ্চিন্তায় থাকেন হয়। কখন বেড়িবাঁধ ভেঙে পানি বাড়ি ঘরে প্রবেশ করে। পানি উন্নয়ন বোর্ড স্থায়ী বাঁধ নির্মাণ করবেন আশ্বস্থ করলেও বাস্তবায়ন নেই।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ফেনীর মুহুরী নদীর ফুলগাজীর উত্তর দৌলতপুর, উত্তর বরইয়া ও পরশুরামের অলকা স্থানে বেড়ি বাঁধ ভেঙে ৫টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি। মুহুরী নদীর পানি বিপৎসীমার ১১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থায়ীভাবে বাঁধ মেরামতের জন্য প্রকল্প ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর পাঠানো হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, পানি কমে গেলে বাঁধের মেরামত করা হবে।
ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার ফুলগাজীতে মুহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৫ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেন।
