দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৯:৪৯

চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে। 

নিহত সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। তিনি মাঝে মধ্যে দেশে আসলেও সেখানেই স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাতের কোনো এক সময় তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে। এবং সেখানেই তার মৃত্যু হয়। 

সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ জাবের বলেন, আমাদের এক আত্মীয় বাবার মৃত্যুর কথা জানিয়েছে। আমার বাবার লাশটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খাদিজা আক্তার জানান, এ বিষয়ে আমরা এখনো শুনিনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। সেলিম মাতুব্বরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

ইত্তেফাক/পিও