সিরাজগঞ্জে আবারও ডিমের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি হালি ডিম এখন ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। মাছ-মাংসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ভরসা ছিল ডিমে। কিন্তু হঠাত্ ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
সোমবার (৭ আগস্ট) সিরাজগঞ্জের বড় বাজারে আসা ক্রেতা সাইফুল ইসলাম ও আছমা খাতুন বলেন, ‘হঠাৎ করে ডিমের দাম বাড়ায় আমাদের মতো সাধারণ মানুষ বিপাকে পড়েছি। মাছ-মাংসের যে দাম, তা কেনা আমাদের জন্য কষ্টসাধ্য। আমরা ডিমের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু ডিমের দাম এত বেড়ে যাওয়ায় আমরা আর ডিমও খেতে পারব না। আমাদের নির্ভর করতে হবে শাক-সবজির ওপর।
শহরের মুদি দোকানের মালিক মোহন চন্দ্র বলেন, মহাজন ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। সে হিসাবে আমাদেরও বিক্রি করতে হচ্ছে। ডিম ব্যবসায়ী শাহজাহান আলী বলেন, বিভিন্ন আড়ত থেকে বেশি দামে ডিম কিনে বেশি দামেই বিক্রি করছেন। বাংলাদেশ পোল্ট্রি মালিক সমিতি সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, কয়েক দিনের প্রচণ্ড গরমে অনেক খামারির মুরগি মারা গেছে। ফলে জেলায় ডিমের উৎপাদন ১০ থেকে ১৫ ভাগ কমে গেছে। এছাড়া খাদ্যের দাম বেশি, নানা রোগবালই খামারিদের বিপাকে ফেলেছে। যে কারণে বেশি দামেও ডিম বিক্রি করে খামারিরা পোষাতে পারছেন না।
