রোগীদের দুর্ভোগ কমবে

কুষ্টিয়া মেডিক্যালে চালু হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:০০

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শিগগিরই চালু হতে যাচ্ছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)। পরমাণু শক্তি কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস বিভাগ আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে সরকারি এই প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত কম খরচে স্ক্যান, থাইরয়েডজনিত হরমোন, ক্যানসার, হাড়ক্ষয়সহ অন্যান্য জটিল রোগ নির্ণয়সহ স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাবে রোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালসংলগ্ন সাততলা ভবনবিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন ইউনিটও চালু করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এটি মূলত ক্যানসার, হরমোনসহ অন্যান্য জটিল রোগ নির্ণয়কারী নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের পরিচালক, চিকিৎসক, ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচারী পদায়ন করা হয়েছে। আউটসোর্সিংয়ের আওতায় বিভিন্ন পদে আরও ১৩ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়ে আমদানি করা অত্যাধুনিক স্পেকসিটি মেশিন, ডুয়ালহেড এনালাইজার মেশিন, ফোরডি আলট্রাসনোগ্রাফি মেশিন প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া রেডিও আইসোটোপ মেশিনটি রয়েছে চালু অপেক্ষায়। কুষ্টিয়ায় স্থাপিত সরকারি এই প্রতিষ্ঠানটি চালু হলে জটিল রোগ নিরূপণে এই অঞ্চলের রোগীদের এখন আর ছুটতে হবে না ঢাকা কিংবা রাজশাহীতে। রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি  লাঘব হবে।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু বিলম্ব হলেও নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস যথা শিগগিরই সম্ভব চালুর ওপর গুরুত্বারোপ করেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইফতেখার মাহমুদ। এতে বৃহত্তর কুষ্টিয়ার জনগোষ্ঠী হাতের নাগালেই ক্যানসারসহ জটিল রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তিনি জানান।

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)-এর কুষ্টিয়ার পরিচালক ডাক্তার সানি আলম চৌধুরী জানান, কুষ্টিয়ায় নবগঠিত নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস এখন চালু অপেক্ষায় রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র প্রতিস্থাপনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়াসহ দেশের  আটটি হাসপাতালে স্থাপিত নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহা. দেলদার হোসেন জানান, নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস চালু হলে প্রাথমিক অবস্থায় ক্যানসারসহ অন্যান্য জটিল রোগ নির্ণয় সম্ভব হবে। ফলে জটিলতা সৃষ্টির আগেই রোগীরা সুচিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৯ অক্টোবর ২০১১/১২ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ৫২ জন ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে চিকিৎসাবিজ্ঞানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারি মেডিক্যাল কলেজটির যাত্রা শুরু হয়।  ২০২২ সালের ৩ অক্টোবর ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু ছাড়াই অস্থায়ী ভবন থেকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হয় মেডিক্যাল কলেজটি। এদিকে নির্মাণাধীন হাসপাতাল প্রকল্পের সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সময় বাড়িয়েও তা সম্পন্ন হয়নি। এখন হাসপাতাল প্রকল্পটি বাস্তবায়নে সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন হস্তান্তরের পর তা চালু করা হতে পারে।

ইত্তেফাক/এমএএম