সড়কের পাশে থাকা বিশালাকৃতির রেইন্ট্রি গাছ উপরে থ্রি-হুইলার (মাহিন্দ্রা) ওপর পড়ে মাদ্রাসার এক শিক্ষক নিহত হয়েছেন। বরিশাল সদর উপজেলার চাঁদেরহাট সংলগ্ন সড়কে সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
মৃত মনিরুল ইসলাম (৪৩) বরগুনার আমতলী এলাকা বাসিন্দা ও চরমোনাই আলিয়া মাদ্রাসার শিক্ষক।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাহিন্দ্রাটি বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাই মাদ্রাসার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিশালাকৃতির একটি রেইন্ট্রি গাছ উপরে মাহিন্দ্রাটির ওপর আছরে পড়ে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা থাকা যাত্রী মনিরুল ইসলাম নিহত হন। এঘটনায় আরও চার জনকে আহত হয়েছেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় কয়েক ঘন্টার চেষ্টায় চাপা পড়া মাহিন্দ্রাটিসহ হতাহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ইসলামী আন্দোলনের মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়তুল্লাহ জানান, মঙ্গলবার সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষক মনিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সিদ্ধান্তে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
