ভোক্তা-অধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করবে ডিবেট ফর ডেমোক্রেসি। এ লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরির হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা-সাধারণকে সচেতন করার লক্ষ্যে অধিদপ্তর নিয়মিত কার্যক্রম পরিচালিত করছে। প্রচার-প্রচারণা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব প্রেরণ করা হয়। সে প্রেক্ষিতে প্রস্তাবটি ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদে উত্থাপন করা হয় এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহজে স্বল্প সময়ে অধিকসংখ্যক ভোক্তাকে সচেতন করা যাচ্ছে।
