প্রেমের জন্য সম্রাট শাজাহান তৈরি করেছিলেন বিখ্যাত তাজমহল। সে বহুকাল আগের কথা। হাল আমলে প্রেমের জন্য মানুষ কত পাগলামিই না করে। কিন্তু প্রতিবেশী ভারতে ঘটেছে এক ব্যতিক্রম একইসঙ্গে মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে প্রেমিকাকে পিৎজা দিতে দিয়ে প্রাণটাই গেল প্রেমিকের।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদের বোরাবান্দা এলাকায় রবিবার মধ্যরাতে প্রেমিকাকে পিৎজা দিতে তার বাসায় হাজির হয়েছিলেন প্রেমিক। তারপর হঠাৎ করেই শুনতে পান সিঁড়ি দিয়ে প্রেমিকার বাবা আসছেন। তাই শুনে তড়িঘড়ি পালাতে গিয়ে ভবনের চার তলার বারান্দা থেকে নিচে পড়ে যান যুবক। এতে তার মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম শোয়েব (২০)। তারা যখন পিৎজা খাচ্ছিলেন তখন মেয়ের বাবা চলে আসেন। চমকে উঠে, শোয়েব ছাদের কিনারায় দৌড়ে যায় এবং কিছু ঝুলন্ত তারের সাহায্য নেওয়ার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায়।
বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোর ৩টার দিকে শোয়েবকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
ভুক্তভোগীর বাবা ঘটনার জন্য থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
