আসন্ন এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপে অংশ নেওয়া ৬ দলের মধ্যে সবার আগে দল ঘোষণা করলো অন্যতম আয়োজক দেশটি। চমক রেখে দল ঘোষণা করেছে তারা। পিসিবির নতুন প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই দল ঘোষণা করেন।
এশিয়া কাপের জন্য ১৭ ও আফগানিস্তান সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। ১৭ সদস্যের দলে জায়গা হয়নি শান মাসুদ এবং ইহসানউল্লাহর। অন্যদিকে দুই বছর পর ডাক পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। পেস অলরাউন্ডার হিসেবে তাকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনজামাম।
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হবে শ্রীলঙ্কায়। ম্যাচ তিনটি হবে ২২, ২৪ ও ২৬ আগস্ট। এরপর এশিয়া কাপ হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। যে টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। প্রথম দিনই নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।
আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড: আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, বাবর আজম, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, রিজওয়ান (উইকেটরক্ষক), এম ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, আগা সালমান, শাহীন আফ্রিদি, শাদাব খান, তৈয়ব তাহির, উসামা মীর, সৌধ শাকিল।
