বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা-এর ৯৩তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির কনস্যুলেট সভা কক্ষে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহ্ফিল আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উত্তর ইতালিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের নেতৃত্বে কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারিসহ উপস্থিত ব্যক্তিবর্গ বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন, বাংলাদেশের সুদীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসে মহীয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের অনন্য অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার অনন্য অবদান চির উজ্জ্বল হয়ে থাকবে। কনসাল জেনারেল আগামী প্রজন্মের সামনে বঙ্গমাতার জীবনী বিশদভাবে উপস্থাপন করার বিশেষ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
