বাজার করার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত 

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৩:৪৯

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প এলাকা  বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বাজার করার সময় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১ এর ই-১২ ব্লকে হামলার এই ঘটনায় নিহত মুফতি জামাল (৫৫) একই ক্যাম্পের বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর জানান, ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ছয় জনের একটি দুর্বৃতত্তের দল তার ওপর অতর্কিত হামাল করে। এসময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা তাকে ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে জামাল পূর্বে আরসা'র সক্রিয় সদস্য ছিলেন বর্তমানে আরএসও'র সদস্য হিসেবে কাজ করছিলেন। ঘটনার পর হতে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

 

ইত্তেফাক/আরএজে