রাজধানীর গুলশান থেকে পাজেরো গাড়ি ভর্তি বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তবে পালিয়ে যান গাড়ির মালিক ও আরেক মাদক কারবারি। তার নাম মো. আব্দুল্লাহ (২৬)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উত্তরার র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।
ব্যাটালিয়নটির অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডের নিকেতন ২ নং গেটে গতকাল বুধবার দিবাগত রাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নাম মো. আব্দুল্লাহ (২৬)। বাগেরহাট জেলার কবির হোসেনের ছেলে।
লে. কর্নেল মোসতাক আহমদ বলেন, গ্রেপ্তারকালে পাজেরো গাড়ি থেকে ৪৬৬ বোতল উচ্চ মানের বিদেশি মদ, একটি পাজেরো জিপ ও ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। আব্দুল্লাহ পেশায় ড্রাইভার। সে দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ পরিবহন করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়াও সে রাজধানীর গুলশান-বনানীসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মোসতাক আহমদ।
