রুমানা খেলতে চায়, সে খেলবে: বিসিবি

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২০:১৭

কিছু দিন আগে রহস্যজনক একটি পোস্ট করেছিলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘নো মোর ক্রিকেট’। এরপর থেকে চলতে থাকে বিভিন্ন রকম গুঞ্জন। এই বিষয়ে নিশ্চুপ ছিলেন রুমানা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে অবশেষে বেরিয়ে এসেছে মূল ঘটনা। আজ (বৃহস্পতিবার) রুমানাকে নিয়ে গোপন বৈঠকে বসে বিসিবি। বৈঠকে অভিমান ভাঙে রুমানার। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নারী ক্রিকেটারকে তিরস্কার করেছে বিসিবি। 

বৈঠক শেষে বিসিবির পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আল আলম চৌধুরী নাদেল কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন,  ‘সে (রুমানা) খেলবে, সে খেলতেই চায়। সমস্যাটা আসলে অভ্যন্তরীণ। আমাদেরও পরিকল্পনা থাকে, কাকে কোন জায়গায় নেওয়া হবে বা ভবিষ্যতে পরিকল্পনায় কারা থাকবে সেটা নির্বাচকরা ঠিক করেন। সবকিছু যে তাদেরও (ক্রিকেটারদের) মনমতো হবে এমনও না।’ 

রুমানার সামাজিক মাধ্যমে এমন পছন্দ হয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। নাদেল আরও বলেন, ‘এগুলো বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝে মাঝে এগুলো (আচরণবিধি) স্মরণ করিয়ে দেই। আমরা তাদের বিষয়গুলো যতটুকু পারি নরমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাদের এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তো এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যায় না। তারা তো চুক্তিতে থাকা ক্রিকেটার।’

রুমানা নারী দলের ক্যাম্প থেকে বাদ পড়ে হতাশায় এমন পোস্ট করেছে উল্লেখ করে নাদেল বলেন, ‘তাদের আমরা সবসময় সমর্থন দিয়ে যাই, তাদের কোনও সমস্যা হলে আমরা দেখি, যেকোনো সমস্যায় আমরা তাদের সহযোগিতা করতে চাই। এটা তো আমাদের একটা প্রক্রিয়ার মধ্যেই আছে। তার সঙ্গে কথা বলছি। সে যে অনুমানের ওপর ভিত্তি করে এটা করেছে, আমরা তাকে সেটা বুঝিয়ে দিয়েছি। তাকে বলা হয়েছে কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।’

ইত্তেফাক/জেডএইচ