ঘুষের ওপর খাড়া

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৩৪

 

থাকতে পারে ময়লা দুধে, ঘুষই এখন পিওর

ঘুষ দিলে সব ঝুট ঝামেলা মিটে যাবে শিওর।

ঘুষের উপর টিকে আছে সব মমতা মায়া

যত দেবে তত খুশি পুত্র কন্যা জায়া।

 

বর্তমানে সফলতার এটাই চাবিকাঠি

কোথাও খুঁজে পাবে না আর বন্ধু এমন খাঁটি।

ঘুষের এখন পোয়াবারো, কোনখানে নেই কদর

ঘুষ দিলে হয় মুক্তিযোদ্ধা, রাজাকার আলবদর।

 

চাঁদাবাজও সমাজসেবী ঘুষের বদৌলতে

প্রভাব-প্রতিপত্তি মেলে সহজে এই পথে।

প্রমোশনও সোনার হরিণ, ঘুষের কাছে ধরা

ঘুষ নিয়ে আর ঠিক হবে না অবহেলা করা।

 

যারা তোমার কুত্সা রটায় ঘুষ খেয়েছ বলে

মনে রেখো এই কথাটি, তারাও তোমার দলে।

করবে না আর টুঁ শব্দটি ঘুষ ধরিয়ে দিলে

পারবে খেতে আরামছে ঘুষ তখন সবাই মিলে।

 

কিন্তু যেটি নিরেট সত্য কেবল মা বাপ ছাড়া,

প্রেম বলো আর প্রীতি বলো ঘুষের ওপর খাড়া।