ব্রিটিশ আমলের দণ্ডবিধিতে বড় পরিবর্তন আনছে ভারত

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:১৩

ভারতে ব্রিটিশ আমলের তিনটি ফৌজদারি আইনে পরিবর্তন আনা হচ্ছে। ‘ঔপনিবেশিক’ ইন্ডিয়ান পেনাল কোড আর থাকছে না। একই সঙ্গে বিলুপ্ত হতে যাচ্ছে কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এই তিন ব্রিটিশ আমলের আইনের পরিবর্তে তিনটি নতুন আইন আনার লক্ষ্যে গতকাল শুক্রবার তিনটি বিল প্রস্তাব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিল অনুযায়ী, ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন। গতকাল এই তিনটি বিলই লোকসভায় পেশ হয়েছে। তবে এখনো সেটা পাশ হয়নি। আরো পর্যালোচনার জন্য এই তিনটি বিল পাঠানো হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ আমলে ইংরেজদের দাসত্বের প্রতীক ছিল এই আইপিসি এবং সিআরপিসি। আমাদের আমলে এই ব্রিটিশ আইন চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ব্রিটিশ আমলে এই আইপিসি ছিল ভারতীয়দের শাস্তি দেওয়ার আইন। শাস্তি দেওয়ায় ছিল এই আইনের মূল উদ্দেশ্য। ন্যায় প্রতিষ্ঠা করা নয়। আমরা যে নতুন আইন আনব, সেটার মূল উদ্দেশ্য হবে ন্যায় প্রতিষ্ঠা করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্র যে নতুন আইন আনছে তাতে পুরোনো ইন্ডিয়ান পেনাল কোডের বেশকিছু ধারা বাতিল করা হচ্ছে। কয়েকটি ধারা সংশোধনও করা হচ্ছে। একইভাবে সিআরপিসি এবং সাক্ষ্য আইনেও বেশকিছু পরিবর্তন আসছে। তাত্পর্যপূর্ণভাবে সবকটা আইনের নামের ক্ষেত্রেই হিন্দি ভাষা প্রাধান্য পেয়েছে।

ইত্তেফাক/এএইচপি