পদ্মা সেতুর পাশে নির্মিত হবে আন্তর্জাতিক মানের ‘বঙ্গবন্ধু স্ট্যাচু’  

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৬:৪০

পদ্মা সেতুর পাশে শিবচরের কাঠালাবাড়িতে (পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায়) নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে।

শনিবার (১২ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিদল প্রকল্প স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিৎ ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশী-বিদেশি পর্যটকরা এখানে আসেন। বাংলাদেশের সব এলাকার মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে (আমেরিকা, ভারত) স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করবো। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশী-বিদেশি পর্যটকরা দেখতে আসবে। এর ফলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে। পাশাপাশি কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এর ফলে পদ্মার পাড়ে একটি আকর্ষণীয় ব্যাপার হবে।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর ও মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই।

এ সময় সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসালম, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এবি