নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছির আলী নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অপবাদে যুবককে নগ্ন করে পেটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ আগস্ট) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত মিছির আলী ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
ভিডিওতে দেখা যায়, এক যুবককে নির্মমভাবে পেটাচ্ছেন আওয়ামী লীগ নেতা মিছির আলী। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে পেটানোর কারণ জিজ্ঞেস করলে যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির চেষ্টার অভিযোগ তোলেন তিনি। এ সময় তাকে নগ্ন করতে জামা খুলে লুঙ্গি টানাটানি করেন তিনি। কোনোভাবে লুঙ্গি টেনে ধরে ইজ্জত রক্ষা হয় যুবকের। তবে এর মাঝেই চলতে থাকে লাঠি দিয়ে একের পর এক আঘাত।
আওয়ামী লীগ সভাপতির এমন কাণ্ডে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি সরকার দলের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধি হওয়ায় গায়ের জোরে এ কাজ করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তিনি ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তাই বলে কি আইনের ঊর্ধ্বে? সে যুবক যদি তার ফোন চুরি করার চেষ্টা করে থাকে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে পারতো। তিনি তা না করে প্রকাশ্যে কীভাবে একজনকে মারধর করতে পারেন।
অভিযুক্ত মিছির আলী বলেন, ঘটনাটি ১২-১৫ দিন আগের। আমার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে ওই ছেলেকে হাতেনাতে আটক করি। পরে চোরটিকে সামান্য মারধর করে ছেড়ে দেওয়া হয়। কেউ হয়তো তখন উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি করে রেখেছিল।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া বলেন, এ বিষয়ে কেউ অবগত করেনি। যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
