নাইজেরিয়ার প্রতি অ্যামনেস্টির আহ্বান
এএফপি
নাইজেরিয়ায় বেসামরিক নাগরিক ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে বেসামরিক লোকজন নির্যাতিত হওয়ায় নতুন একটি আইন পাস হয়। কিন্তু বাস্তবিক অর্থে সেখানে এই আইনের কোনো প্রয়োগ হচ্ছে না। নির্যাতনের এ মাত্রা দিনে দিনে বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। সংস্থাটি জানায়, তারা সামরিক বাহিনীর হাতে এবং পুলিশ হেফাজতে থাকা মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিদিন খবর পাচ্ছেন। অ্যামনেস্টির নাইজেরিয়া অংশের পরিচালক ওসাই ওজিঘো বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার পার্লামেন্টে নির্যাতন বিরোধী একটি আইন পাস হয়। কিন্তু তা সত্ত্বেও সেখানে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক দমনপীড়ন বেড়েছে। তিনি বলেন, দেশটির বিচার ব্যবস্থা নির্যাতন প্রতিরোধে বা দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণেই নির্যাতিতরা ন্যায় বিচার পাচ্ছেন না।
নাইজেরিয়ার মানবাধিকার লঙ্ঘনে ব্যাপকভাবে অভিযুক্ত স্পেশাল অ্যান্টি-রোবারি স্কয়াডের (এসএআরএস) সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভের পর প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ব্যাপারে একটি প্রেসিডেন্টশিয়াল প্যানেল গঠন করেন। মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন এবং অ্যামনেস্টি বেসামরিক নাগরিক এবং সন্দেহভাজন ব্যক্তিদের নির্যাতনে পুলিশ ও এসএআরএস’কে দায়ী করে।
