আইএসের ইয়েমেন শাখার নেতা আটকের দাবি সৌদির

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৪৭

 

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর ইয়েমেন শাখার নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সৌদি আরবের স্পেশাল ফোর্সের। মঙ্গলবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র মাধ্যমে দেওয়া জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি ও ইয়েমেনি বাহিনীগুলো ৩ জুন একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়েমেন আইএসের নেতা আবু ওসামা আল মুহাজের এবং গোষ্ঠীটির প্রধান অর্থ কর্মকর্তাসহ অন্য কয়েকজন সদস্যকে আটক করেছে। ১০ মিনিট স্থায়ী ঐ অভিযানে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও টেলিযোগাযোগ ডিভাইসও জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ঐ বাড়িতে বেসামরিক তিন জন নারী ও তিনটি শিশু থাকলেও তারা কেউ আঘাত পাননি বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, এ অভিযানটিকে ইয়েমেন আইএসের জন্য বড় ধরনের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযানটিতে প্রয়োজনীয় সমর্থন যুগিয়েছে, পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।