পাকিস্তানে টেলিভিশনের এক অনুষ্ঠানে আমন্ত্রিত এক সাংবাদিকের ওপর ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার হামলার ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে এক লাইভ টেলিভিশন অনুষ্ঠানে পিটিআইয়ের মসরুর আলি সাইয়াল তার সঙ্গেই অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকা সাংবাদিক ইমতিয়াজ খান ফারানকে মারধর করেন। এনডিটিভি
ভাইরাল হওয়া ভিডিওতে মারধরের ঘটনার আগে সাইয়ালের সঙ্গে করাচি প্রেসক্লাবের প্রেসিডেন্ট ফারানকে তুমুল তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। এক পর্যায়ে পিটিআই নেতা সাইয়াল সাংবাদিক ফারানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন ও তাকে সপাটে চড় ও ঘুসি মারতে থাকেন।
অনুষ্ঠানের অন্য অতিথি ও ক্রু-রা পরে দুজনকে আলাদা করেন। হাতাহাতির খানিক পর সাইয়াল ফের অনুষ্ঠানটিতে ফিরে এসে তার জন্য নির্ধারিত আসনে বসেন। কয়েক মিনিট পর করাচি প্রেসক্লাবের প্রেসিডেন্টকেও স্টুডিওতে ফিরে আসতে দেখা যায়; অনুষ্ঠানের বাকি অংশ এমনভাবে এগিয়েছে যেন কিছুই হয়নি।
সাংবাদিকের ওপর হামলার এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই পিটিআই নেতার আচরণকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। কেউ কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার দলের নেতা সাইয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন।
