মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু করে দীর্ঘ সময় নাটকে আসাধারন অভিনয় দিয়ে একজন দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আফরান নিশো। ইতিমধ্যে ছোটপর্দা থেকে বড় পর্দাতেও অভিষেক হয়েছে তার। রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা ‘মাসুদ’ চরিত্রটি দেশ-বিদেশের বাংলাদেশিদের কাছে নতুনভাবে পরিচিতি এনে দিয়েছে নিশোকে। অস্ট্রেলিয়া ও পাশের দেশ নিউজিল্যান্ডে হাউজফুল শো চলছে ‘সুড়ঙ্গ’-এর। বর্তমানে কর্মব্যস্ততার ফাঁকে অবসরযাপনে সিডনিতে আছেন অভিনেতা আফরান নিশো।
সংবাদ মাধ্যম অনুযায়ী, গত বৃহস্পতিবার ১০ আগস্ট সপরিবারে তিনি সিডনি পৌঁছেছেন। গত শুক্রবার দিনভর পরিবার নিয়ে সিডনিতে ঘুরে বেড়িয়েছেন নিশো। শনিবার ১২ আগস্ট বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ধূপছায়া এন্টারটেইনমেন্ট সিডনির ব্যাংকসটাউনের একটি ফাংশন সেন্টারে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।
এর আগেও নাটকের শুটিং করতে সিডনি ভ্রমণ করেছেন আফরান নিশো। এবার সিডনিতে পরিবার নিয়েই ঘুরে বেড়াবেন সিডনিতে। আগামী ১৯ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে অভিনেতা।
১৭ আগস্ট থেকে ওটিটিতে দেখা যাবে আফরান নিশো অভিনীত থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোল’।
